কলকাতা, ২৪ সেপ্টেম্বর ২০২৬: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত বাংলা ছবি ‘Emperor Vs Sarat Chandra’-র নতুন গান ‘Dil Ke Daag’ বৃহস্পতিবার সন্ধ্যায় শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল। অনুষ্ঠানে ছবির কলাকুশলী, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
গান প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়, যিনি এই গানে চন্দ্রমুখী চরিত্রে বিশেষ উপস্থিতি রেখেছেন। উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এছাড়াও ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা অনুষ্ঠানে অংশ নেন।
‘Dil Ke Daag’ গানটিতে কণ্ঠ দিয়েছেন খ্যাতনামা প্লেব্যাক শিল্পী শ্রেয়া ঘোষাল। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন স্বয়ং সৃজিত মুখোপাধ্যায় এবং কথা লিখেছেন শ্রীজাত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যজগতের আবেগ ও চরিত্রগুলিকে কেন্দ্র করে গানটি নির্মিত হয়েছে, যেখানে ছবির সময়কালীন আবহের সঙ্গে সমকালীন সংগীতের মেলবন্ধন ঘটানো হয়েছে।
নিজের পরিচালিত ছবির জন্য সুরকারের ভূমিকাতেও সৃজিত মুখোপাধ্যায়ের এই আত্মপ্রকাশ গানটিকে বিশেষ তাৎপর্য দিয়েছে। নন্দী মুভিজ-এর উপস্থাপনায় গানটি প্রকাশিত হয়েছে। ছবির প্রযোজক প্রদীপ কুমার নন্দী।
‘Emperor Vs Sarat Chandra’ একটি উচ্চাভিলাষী ঐতিহাসিক প্রেক্ষাপটনির্ভর ছবি, যার অনুপ্রেরণার কেন্দ্রে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ও তাঁর বিপ্লবী উপন্যাস ‘পথের দাবী’-র জগৎ। ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কৌশানি মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক-সহ একাধিক শিল্পী।
‘Dil Ke Daag’ প্রকাশের মধ্য দিয়ে ছবির সংগীতভাণ্ডারে যুক্ত হল আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দুর্গাপুজোর উৎসবের মরশুমে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।





