ঋদ্ধি ভট্টাচার্য, বারাসাত: শ্যামা মায়ের আরাধনায় এবার এক ব্যতিক্রমী ভাবনা ও গভীর বার্তা নিয়ে হাজির মাধ্যমগ্রামের ইয়ং সেন্টার ক্লাব। পুজোর থিম ‘নারী বিপ্লবীরা অপরাজিত’। ভারতের স্বাধীনতা সংগ্রামে যেসব নারী বিপ্লবী নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের আত্মত্যাগ, সাহস, অদম্য জেদ ও দেশপ্রেমকে শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। ইতিহাসের পাতায় যাঁদের অবদান অনেক সময়ই আড়ালে থেকে গিয়েছে, তাঁদের আত্মত্যাগ ও বীরত্বকে নতুন করে মানুষের সামনে তুলে ধরাই এই পুজোর মূল উদ্দেশ্য। এই থিমের মূল ভাবনায় রয়েছে এক গভীর দর্শন। মৃত্যুই কি একজন মানুষের জীবনের শেষ পরিণতি? যাঁরা দেশের স্বাধীনতার জন্য হাসিমুখে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, তাঁরা কি সত্যিই আজও আমাদের মধ্যে বেঁচে নেই? ইয়ং সেন্টার ক্লাবের ভাবনায়, এই নারী বিপ্লবীরা কখনও পরাজিত হননি, তাঁদের মৃত্যু হয়নি। তাঁদের অদম্য সাহস, আত্মবিশ্বাস, জেদ, নিষ্ঠা এবং দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আজও অমর। শারীরিকভাবে তাঁরা পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁদের আদর্শ ও সংগ্রামের চেতনা আজও প্রতিটি ভারতবাসীর হৃদয়ে জীবন্ত। এই ভাবনাকেই দেবী কালীর শক্তি ও রূপের সঙ্গে তুলনা করা হয়েছে। মা কালী যেমন অসুর বিনাশিনী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এবং অসীম শক্তির আধার, তেমনই ভারতের নারী বিপ্লবীরাও ছিলেন অন্যায়, পরাধীনতা ও শোষণের বিরুদ্ধে এক একটি জীবন্ত শক্তির প্রতীক। তাঁদের সাহসিকতা, আত্মত্যাগ এবং আপসহীন মনোভাব যেন দেবী কালীরই এক মানবিক প্রতিচ্ছবি। তাই এই পুজোর ভাবনায় নারী বিপ্লবীরা শুধু ইতিহাসের চরিত্র নন, তাঁরা প্রত্যেকেই এক একটি অপরাজিত শক্তি। তাঁদের সংগ্রাম থেমে যায়নি, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, কনকলতা বড়ুয়া-সহ অসংখ্য নারী নিজেদের জীবন, স্বপ্ন ও ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতার লড়াইয়ে সামিল হয়েছিলেন। কেউ হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, কেউ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন, আবার কেউ দেশের জন্য হাসিমুখে মৃত্যুবরণ করেছিলেন। তাঁদের সেই আত্মত্যাগের ইতিহাস আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। ইয়ং সেন্টার ক্লাবের এই থিম সেই বিস্মৃত ও উপেক্ষিত ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক আন্তরিক প্রয়াস।।পুজো উদ্যোক্তাদের এই ভাবনায় বিশেষভাবে উঠে এসেছে নারীর শক্তি, আত্মমর্যাদা এবং প্রতিবাদী সত্তা। বর্তমান সমাজেও যখন নারীকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, তখন এই নারী বিপ্লবীদের জীবনসংগ্রাম নতুন করে সাহস জোগায়। বার্তা দেয়, নারী কেবল সহনশীলতার প্রতীক নন, তিনি প্রয়োজনে প্রতিবাদের আগুন, সংগ্রামের শক্তি এবং পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। এই ভাবনাকে শিল্পের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরার দায়িত্বে রয়েছেন মণ্ডপশিল্পী গৌতম হলদার। তাঁর শিল্পভাবনা ও সৃজনশীলতার মধ্য দিয়ে থিমের অন্তর্নিহিত তাৎপর্য দর্শকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা পুজো উদ্যোক্তাদের। ইয়ং সেন্টার ক্লাবের এই শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক রোথিন ঘোষ। সভাপতি অশোক গুহার নেতৃত্বে পুজোর আয়োজনকে ঘিরে উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা রয়েছে।আলো, শিল্প ও ভাবনার মেলবন্ধনে ইয়ং সেন্টার ক্লাবের এবারের শ্যামাপুজো শুধুমাত্র দেবী আরাধনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা হয়ে উঠতে চলেছে ভারতের বীরাঙ্গনা নারীদের প্রতি এক অনন্য শ্রদ্ধার্ঘ্য। এই পুজোর মূল উচ্চারণ—যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাঁরা হারিয়ে যাননি। তাঁদের আদর্শ, সাহস ও সংগ্রাম আজও অপরাজিত। তাঁদের মৃত্যু নেই, তাঁরা বেঁচে থাকবেন ইতিহাসের পাতায় এবং প্রতিটি ভারতবাসীর হৃদয়ে।

