ঋদ্ধি ভট্টাচার্য, দম দম : কালীপুজো ও দীপাবলির আনন্দে সেজে উঠেছে হারকালী কলোনি। এবছর হারকালী কলোনির কালীপুজো ৫১তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ পাঁচ দশকের ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে সঙ্গে নিয়ে এবছরও উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামাপুজোর আয়োজন করা হয়েছে।এই পুজোর প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অনির্বান সমাজপতি। সভাপতি মনোজ চন্দ এবং সম্পাদক নিতু সাহা। তাঁদের নেতৃত্ব ও উদ্যোগে পুজোর যাবতীয় প্রস্তুতি ও আয়োজন পরিচালিত হচ্ছে। পুজো উপলক্ষে প্রধান উপদেষ্টা অনির্বান সমাজপতি বলেন, “৫১ বছরের এই দীর্ঘ যাত্রা আমাদের কাছে অত্যন্ত গর্বের। সকলের সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতাই এই পুজোকে আজও এগিয়ে নিয়ে চলেছে। আগামী দিনেও এই ঐতিহ্য বজায় রেখে আমরা সকলকে সঙ্গে নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই।” সভাপতি মনোজ চন্দ বলেন, “কালীপুজো শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি মিলন, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উপলক্ষ। সকলের কাছে আমাদের আবেদন, আনন্দের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রেখে এবং শব্দদূষণ এড়িয়ে উৎসব পালন করুন।” সম্পাদক নিতু সাহা বলেন, “৫১তম বর্ষের এই বিশেষ আয়োজনকে স্মরণীয় করে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সকল দর্শনার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। সবাইকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা।” আলো, আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে হারকালী কলোনির ৫১তম বর্ষের কালীপুজো সকলের কাছে হয়ে উঠুক এক স্মরণীয় উৎসব—এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের।


