আসানসোল: বৈদিক জাগৃতি সঙ্গমের পরিচালনায় এবং আনন্দময়ী গ্রুপের সহযোগিতায় আসানসোলের রবীন্দ্র ভবনে মহাসমারোহে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিক আলোচনা, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক বিশেষ মাত্রা লাভ করে।
অনুষ্ঠানে আদ্যা ত্রিশক্তি কালী-কমলা-বগলা পীঠ, বাঁকুড়ার লালপুরের পীঠাধীশ আচার্য দেবাংশী ড. হৃদয় হালদার তাঁর বক্তব্যে স্বপ্নাদিষ্ট দারুব্রহ্ম দ্বারা নির্মিত দেবী ভগবতী মায়ের অলৌকিক লীলা ও বিভিন্ন মহাত্মার জীবনকথা তুলে ধরেন। তাঁর আধ্যাত্মিক ও তাৎপর্যপূর্ণ বক্তব্যে উপস্থিত অতিথি ও দর্শকবৃন্দ মুগ্ধ হন।
বৈদিক মন্ত্রপাঠ ও আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণ করেন শ্রীমৎ জগৎগুরু অবধূতাচার্য স্বামী ড. সুন্দর গিরি মহারাজ। তাঁর ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও ভক্তিভাবের সঞ্চার করে।
অন্যদিকে, আনন্দময়ী মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত মায়ের গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন দূরদর্শন ও টলিমহলের খ্যাতনামা নৃত্যশিল্পী সোমা দেব সরকার এবং শঙ্কর দাস বাপ্পা। তাঁদের নৃত্য পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিঙ্কি খুশওয়া, বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্য কো-ইনচার্জ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন শম্পা চ্যাটার্জী রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিব্যেন্দু কবিরাজ।
ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে আয়োজিত এই সম্মেলনে শতাধিক বিশিষ্ট অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে। উপস্থিত সকলের জয়ধ্বনি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

