কলকাতা, ১২ সেপ্টেম্বর: ইউনাইটেড জার্নালিস্ট ফোরাম কলকাতার উদ্যোগে শনিবার মহাজাতি সদনে রাজ্যের বিভিন্ন জেলার সাংবাদিকদের নিয়ে ‘স্টেট মিডিয়া কনক্লেভ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সেমিনারে মানব পাচার ও বন্ধকী শ্রমিক প্রথার মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়। নলেজ পার্টনার হিসেবে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিল এবং সংস্থার রিচার্ড পেরিস ও দেবর্ষি চ্যাটার্জী জানান, দেশ-বিদেশে এই দুই বিষয়ে ধারাবাহিকভাবে সচেতনতা কর্মসূচি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে বিষয়গুলি নিয়ে বক্তব্য রাখেন প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রশাসনিক আধিকারিক শান্তনু সিনহা, সরকারি আইনজীবী রঞ্জনা চ্যাটার্জী, দ্য হিন্দু পত্রিকার আঞ্চলিক সম্পাদক শিব সহায়, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সুদীপ্ত চৌধুরী, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের প্রোগ্রাম হেড সপ্তর্ষী বিশ্বাস এবং আধিকারিক প্রিয়া আব্রাহাম প্রমুখ। বক্তারা বন্ধকী শ্রমিক প্রথা নির্মূল ও মানব পাচার রোধে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। সাংবাদিকদের তাঁদের পেশাগত দায়িত্বের মাধ্যমে এই ধরনের সামাজিক সমস্যাগুলি জনসমক্ষে তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। সেমিনারে বাউল শিল্পী গণেশ চন্দ্র রায় ও মৌমিতা পাল বাউল গানের মাধ্যমে মানব পাচার ও বন্ধকী শ্রমিক প্রথার বিভিন্ন দিক তুলে ধরেন। এদিন বন্ধকী শ্রমিক প্রথা থেকে মুক্তি পাওয়া দু’জন ব্যক্তিকে মঞ্চে নিয়ে এসে তাঁদের জীবনের দুর্বিষহ অভিজ্ঞতার কথা শোনানো হয়। তাঁদের বক্তব্য উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে গভীর প্রভাব ফেলে এবং শোষণমূলক এই প্রথার বিরুদ্ধে আরও কার্যকর সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তা সামনে আসে। প্রায় তিন ঘণ্টার এই সেমিনারটি পরিচালনা করেন ইউনাইটেড জার্নালিস্ট ফোরামের কোষাধ্যক্ষ প্রবাল কুমার চক্রবর্তী এবং ফোরামের সভাপতি সুমিত পালিতের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

