News By Asish Basak
Photos By Narendra Krishna Pal


কলকাতা, ৩ নভেম্বর, ২০২৬: মুক্তির অপেক্ষায় পরিচালক দেবারতী ভৌমিকের নতুন বাংলা ছবি ‘নজরবন্দী’। ছবির প্রচারপর্বকে আরও আকর্ষণীয় করে তুলতে মঙ্গলবার পার্ক স্ট্রিটের Monkey Bar-এ আয়োজিত হল ছবির বিশেষ গান প্রকাশ অনুষ্ঠান। ছবির ‘ইকির মিকির’ গানটি প্রকাশের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে কথাবিন্যাস মিডিয়া এবং আরমান ভেঞ্চার্স (শাইস্তা আলি)।
ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার, মধুমিতা সরকার, রাজনন্দিনী পাল এবং দর্শনা বণিকের মতো বিশিষ্ট অভিনেত্রীদের অভিনয়ে সমৃদ্ধ এই ছবিটি ইতিমধ্যেই দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে। ছবিতে ঋতুপর্ণাকে দেখা যাবে অনামিকা সেনগুপ্ত নামে এক বিত্তশালী চিত্রশিল্পীর চরিত্রে। সাইবার অপরাধ, প্রতারণা এবং সম্পর্কের নানা জটিলতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির কাহিনি।‘নজরবন্দী’র অন্যতম বিশেষত্ব হল, ছবিতে কোনও পুরুষ চরিত্র নেই।

অপরাধী থেকে অপরাধের শিকার কিংবা তদন্তের সঙ্গে যুক্ত চরিত্র—সমস্ত ভূমিকাতেই রয়েছেন মহিলারা। পরিচালক দেবারতী ভৌমিক এক অভিনব ভাবনাকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করেছেন। হিমাচল প্রদেশের ধর্মশালার মনোরম প্রাকৃতিক পরিবেশে ছবিটির অধিকাংশ অংশের শুটিং হয়েছে।ছবিতে আরও অভিনয় করেছেন লাবণী সরকার, চান্দ্রেয়ী ঘোষ এবং দেবলীনা কুমার।
প্রযোজনায় রয়েছে কথাবিন্যাস মিডিয়া এলএলপি। ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে এসএসআর সিনেমাস। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নজরবন্দী’।নারীকেন্দ্রিক অভিনব কাহিনি, রহস্য ও সাইবার অপরাধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি বাংলা চলচ্চিত্রে এক নতুন সংযোজন হতে চলেছে বলে আশা করছেন নির্মাতারা।.
