প্রিন্সেপ ঘাটে রেল-ঐতিহ্যের বর্ণাঢ্য ইতিবৃত্ত, পূর্ব রেলের উদ্যোগে সূচনা ‘টাইম টেবিল – এ জার্নি থ্রু হেরিটেজ’ প্রদর্শনীর

বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে বিরল আলোকচিত্র, দুর্লভ নথি ও ঐতিহাসিক তথ্যের সমাহারে ভারতীয় রেলের গৌরবোজ্জ্বল উত্তরাধিকারের মনোজ্ঞ উপস্থাপনা

কলকাতা, ২২ নভেম্বর, ২০২৬: ভারতীয় রেলের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, বিবর্তন ও গৌরবোজ্জ্বল উত্তরাধিকারের বর্ণময় ইতিবৃত্ত সাধারণ মানুষের সম্মুখে উন্মোচিত করতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনে সূচিত হল বিশেষ ঐতিহ্য প্রদর্শনী ‘টাইম টেবিল – এ জার্নি থ্রু হেরিটেজ’ (TIME TABLE – A Journey Through Heritage)। বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উদযাপনের অঙ্গ হিসেবে রবিবার, ২২ নভেম্বর এই ব্যতিক্রমী প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী গীতিকা পাণ্ডে অভিমত ব্যক্ত করেন, ভারতীয় রেল কেবল যাতায়াত ও পণ্য পরিবহণের মাধ্যমমাত্র নয়; বরং এটি দেশের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা এবং জাতীয় আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। ভারতীয় রেলের দীর্ঘ অভিযাত্রা দূরদর্শিতা, উদ্ভাবনী চিন্তাধারা, নিরলস অধ্যবসায় ও কালানুক্রমিক রূপান্তরের এক অনুপম উপাখ্যান। প্রাথমিক পর্যায়ের বাষ্পচালিত ইঞ্জিন থেকে সমকালীন উচ্চগতিসম্পন্ন ও প্রযুক্তিনির্ভর রেলযান—প্রতিটি পর্যায়ই প্রজন্মান্তরের স্বপ্ন, আকাঙ্ক্ষা, কর্মনিষ্ঠা এবং সাফল্যের স্বাক্ষর বহন করে চলেছে।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে শিয়ালদহ ডিভিশনের এই প্রশংসনীয় উদ্যোগ ‘বিকাশ ভী, বিরাসত ভী’—অর্থাৎ উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যের সংরক্ষণ—এই আদর্শের যথার্থ প্রতিফলন। পূর্ব রেল তার ঐতিহাসিক সম্পদ ও স্থাপত্যগত উত্তরাধিকারের সংরক্ষণে বিশেষ গুরুত্ব আরোপ করে। ঐতিহ্যবাহী স্টেশন ও রেলভবনগুলির স্থাপত্যিক বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগে উন্নয়নমূলক কর্মযজ্ঞও অব্যাহত রেখেছে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হল ভারতীয় রেলের কয়েক দশকব্যাপী বিবর্তনের ধারাবাহিক চিত্রায়ণ। দুর্লভ আর্কাইভাল আলোকচিত্র, প্রামাণ্য ঐতিহাসিক তথ্য, বিস্ময়কর ঘটনাপঞ্জি এবং মনোগ্রাহী বিবরণের সমন্বয়ে দর্শকদের সামনে উন্মোচিত হয়েছে ভারতীয় রেলের সমৃদ্ধ অতীতের এক স্বতন্ত্র আখ্যান। বিশেষ গুরুত্ব পেয়েছে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে শিয়ালদহ ও পার্শ্ববর্তী অঞ্চলে রেলপথের ক্রমবিকাশের ইতিহাস। তৎকালীন কলকাতার সঙ্গে সংলগ্ন জনপদগুলির যোগাযোগব্যবস্থা সুদৃঢ় করতে প্রাথমিক রেল সংস্থাগুলির অগ্রণী ভূমিকা কীভাবে আধুনিক পরিবহণ ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, তারও তাৎপর্যপূর্ণ বিবরণ স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

ঐতিহাসিক মাইলফলক, প্রযুক্তিগত উৎকর্ষ, অভূতপূর্ব সাফল্য এবং রেলব্যবস্থার সুদূরপ্রসারী সামাজিক-অর্থনৈতিক প্রভাবের মধ্য দিয়ে দেশের সামগ্রিক অগ্রগতিতে ভারতীয় রেলের অবদানকে এই প্রদর্শনীতে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। ফলে এটি কেবল অতীতের স্মৃতিচারণ নয়, বরং দেশের পরিবহণ, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির বিবর্তনে রেলব্যবস্থার অনস্বীকার্য ভূমিকার এক প্রামাণ্য দলিল।

এই উদ্যোগের মূল অভিপ্রায় হল সাধারণ মানুষের সঙ্গে ভারতীয় রেলের গৌরবময় উত্তরাধিকারের পুনঃসংযোগ স্থাপন এবং তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে জনমানসে গভীরতর উপলব্ধি সৃষ্টি করা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অমূল্য ঐতিহ্যের সংরক্ষণ, সুরক্ষা ও যথাযথ রক্ষণাবেক্ষণে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত দায়বদ্ধতা জাগ্রত করাও প্রদর্শনীর অন্যতম প্রধান লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (কনস্ট্রাকশন) শ্রী মনোজ খান, প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার শ্রী বিক্রম গুপ্তা, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (কনস্ট্রাকশন)/আরএসপি শ্রী প্রবীণ খুরানা, প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শ্রী ধনেশ্বর মোহান্তা, আইজি-কাম-প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার শ্রী অমিয় নন্দন সিনহা, প্রিন্সিপাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার মহম্মদ জাভেদ মাজহার, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রী দীপক নিগম, প্রিন্সিপাল চিফ মেটেরিয়াল ম্যানেজার শ্রী সন্দীপ শুক্লা, প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার শ্রী রাঘবেন্দ্র সারস্বত, শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা এবং হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী বিশাল কাপুর-সহ পূর্ব রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে ধন্যবাদ জ্ঞাপন করেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা।

এই বিশেষ উদ্যোগের মাধ্যমে পূর্ব রেল পুনরায় প্রত্যয় ব্যক্ত করেছে যে, আধুনিকীকরণ ও পরিকাঠামোগত অগ্রগতির পাশাপাশি দেশের ঐতিহাসিক সম্পদ এবং সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণেও তারা সমানভাবে অঙ্গীকারবদ্ধ। প্রিন্সেপ ঘাটের এই প্রদর্শনী তাই রেল-ঐতিহ্যের স্মৃতিসম্ভারকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক তাৎপর্যপূর্ণ প্রয়াস হিসেবে বিশেষ গুরুত্ব অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *