সিআইআই ইনোভেশন ২০২৬-এর মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর উপদেষ্টার, স্টার্টআপ ও উদ্ভাবনে জোর রাজ্য সরকারের
কলকাতা, ১৭ নভেম্বর, ২০২৬: পশ্চিমবঙ্গের স্টার্টআপ পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে একটি স্বতন্ত্র সংস্থা গঠনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই সংস্থা স্টার্টআপ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং ইনকিউবেশন কেন্দ্রগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। মঙ্গলবার কলকাতায় কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর পূর্বাঞ্চলীয় শাখার উদ্যোগে আয়োজিত একাদশ সিআইআই ইনোভেশন ২০২৬-এর মঞ্চে এই পরিকল্পনার কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড. সুব্রত গুপ্ত।
‘ইস্ট রাইজিং: পাওয়ারিং দ্য ইনোভেশন করিডর’ শীর্ষক এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রী অশোক দিন্দা। তিনি বলেন, রাজ্যে ব্যবসা ও শিল্পের অনুকূল পরিবেশ গড়ে তুলতে সরকার সহজ নীতি, ভর্তুকি এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সরল করার উপর গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি নতুন বিনিয়োগ প্রসার নীতি প্রকাশ করা হয়েছে। এক জানলা ব্যবস্থার মাধ্যমে জমি অধিগ্রহণের প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভিত শক্তিশালী করাও সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি জানান।
ড. সুব্রত গুপ্ত বলেন, পশ্চিমবঙ্গে স্টার্টআপের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করা প্রয়োজন। কর্মসংস্থান সৃষ্টি রাজ্যের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। তাঁর বক্তব্য, কৃষি, শিল্প ও পরিষেবা—এই তিনটি ক্ষেত্রেই সমানভাবে বিনিয়োগের প্রয়োজন রয়েছে। রাজ্যের মোট আয়ের ক্ষেত্রে কৃষির অবদান ২০.১ শতাংশ, শিল্পের ২১.৬ শতাংশ এবং পরিষেবা ক্ষেত্রের অবদান ৫৮.৩ শতাংশ। অন্যদিকে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেরই নিজস্ব গুরুত্ব রয়েছে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১১০০ জন, যা জাতীয় গড়ের তুলনায় বেশি। উর্বর কৃষিজমির কারণে বৃহৎ শিল্পের জন্য বিপুল পরিমাণ জমি একত্রিত করাও একটি বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে স্টার্টআপ ও নতুন প্রযুক্তিভিত্তিক উদ্যোগ রাজ্যের অর্থনৈতিক বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই লক্ষ্যেই রাজ্য সরকারের অধীনে একটি স্বতন্ত্র সংস্থা গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান রাজেশ পাণ্ডে জানান, ২০২৬ সালের গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ১৩৯টি অর্থনীতির মধ্যে ভারতের স্থান ৩৮তম। নীতি আয়োগের প্রতিবেদনে পশ্চিমবঙ্গের স্থান ১১তম হলেও আন্তর্জাতিক উদ্ভাবন সূচকে এখনও রাজ্যের স্থান নিশ্চিত হয়নি। তাঁর মতে, শিল্প সংস্থাগুলিকে গবেষণা ও উন্নয়ন খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে। সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যয়ের মতো গবেষণাতেও নির্দিষ্ট বরাদ্দের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
কলকাতায় জাপানের কনসাল জেনারেল ইশিকাওয়া ইয়োশিহিসা ভারত ও জাপানের প্রযুক্তিগত দক্ষতার পারস্পরিক পরিপূরকতার কথা তুলে ধরে পশ্চিমবঙ্গে দুই দেশের মধ্যে শিল্প ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণের আহ্বান জানান।
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) প্রযুক্তি উন্নয়ন তহবিলের অধিকর্তা নিধি বনসল বলেন, ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তি পরিকাঠামো গড়ে তুলতে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। স্টার্টআপগুলিকে প্রযুক্তির নমুনা তৈরি, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং ডিআরডিও-র গবেষণাগারের মাধ্যমে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে টিডিএফ এবং আইডিইএক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অধিকর্তা কমেশ কাসানা বলেন, উদ্ভাবনের ক্ষেত্রে গুণমান, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে কোনও আপস করা যায় না। স্টার্টআপগুলির সামনে প্রথম ক্রেতা খুঁজে পাওয়া, পরীক্ষাগারের সুযোগ লাভ এবং দীর্ঘ সময় ধরে ব্যবসা টিকিয়ে রাখার মতো তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। তাঁর মতে, শুধুমাত্র নতুন প্রযুক্তি উদ্ভাবন নয়, বরং বিদ্যমান সমস্যার কার্যকর সমাধান তৈরি করাই স্টার্টআপগুলির প্রধান লক্ষ্য হওয়া উচিত।
সিআইআই পূর্বাঞ্চলীয় স্টার্টআপ উপসমিতির চেয়ারম্যান তথা ডিস্ট্রোনিক্সের সহ-প্রতিষ্ঠাতা রোহিত সরকার জানান, ভারতে বর্তমানে ডিপিআইআইটি-নিবন্ধিত স্টার্টআপের সংখ্যা ২.২৩ লক্ষ এবং এই ক্ষেত্রের মাধ্যমে ২৩ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অথচ বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও দেশের মোট স্টার্টআপের মাত্র ১.৯ শতাংশ পশ্চিমবঙ্গের অন্তর্গত। সম্প্রতি রাজ্য সরকারের সঙ্গে প্রস্তাবিত স্টার্টআপ ও উদ্ভাবন নীতি নিয়ে একটি বিশেষ আলোচনা হয়েছে। রাজ্য বাজেটে ১০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের ঘোষণাও করা হয়েছে। এবার এই উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যেতে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সহযোগী পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
উল্লেখ্য, এবারের সম্মেলনে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ আলোচনা পর্বের পাশাপাশি ১০০টিরও বেশি সংস্থার অংশগ্রহণে ব্যবসায়িক বৈঠকের আয়োজন করা হয়। স্টার্টআপ, বিনিয়োগকারী, শিল্পপতি, সরকারি প্রতিনিধি, গবেষণা প্রতিষ্ঠান এবং ইনকিউবেশন কেন্দ্রের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

ছবি ১ (বাঁ দিক থেকে ডান দিকে): শ্রী রোহিত সরকার, চেয়ারম্যান, সিআইআই পূর্বাঞ্চলীয় স্টার্টআপ উপসমিতি এবং ডিস্ট্রোনিক্সের সহ-প্রতিষ্ঠাতা; শ্রী কমেশ কাসানা, ডিরেক্টর, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড; শ্রীমতী নিধি বনসল, ডিরেক্টর, প্রযুক্তি উন্নয়ন তহবিল (TDF), প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO); ড. সুব্রত গুপ্ত, আইএএস (অবসরপ্রাপ্ত), পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা; শ্রী রাজেশ পাণ্ডে, আইএএস, চেয়ারম্যান, দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC); এবং শ্রী ইশিকাওয়া ইয়োশিহিসা, জাপানের কলকাতাস্থিত কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল।

ছবি ২: শ্রী অশোক দিন্দা, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী।
