‘এই শহরের গান’ ছবির অফিসিয়াল টিজার ইউটিউব লিংক: https://m.youtube.com/watch?v=e-zX3b9lDwg&pp=ygUeYWkgc29ob3JhciBnYW4gb2ZmaWNpYWwgdGVhc2Vy
কলকাতা: একগুচ্ছ তারকাকে নিয়ে বড়পর্দায় আসছে পরিচালক প্রার্জুন মজুমদারের নতুন বাংলা ছবি ‘এই শহরের গান’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক ও আনুষ্ঠানিক টিজার। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, অঙ্গনা রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং মনপ্রীত রোহতাশ নিব্বিওয়াল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, তথাগত মুখার্জি ও ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
ছবির টিজারে বিশেষ গুরুত্ব পেয়েছে কলকাতা শহর। সম্পর্ক, প্রেম, আবেগ ও জীবনের নানা ওঠাপড়ায় জড়িয়ে থাকা এই শহরই ছবির অন্যতম প্রধান আকর্ষণ। পরিচালক প্রার্জুন মজুমদার তাঁর ছবিতে কলকাতার সঙ্গে মানুষের সম্পর্কের নানা অজানা ও পরিচিত দিক তুলে ধরেছেন।
‘এই শহরের গান’ মূলত সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত একটি ছবি। তিন জোড়া দম্পতি জীবনের তিনটি ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে নিজেদের সম্পর্কের সমস্যা, দ্বন্দ্ব ও টানাপোড়েনের সঙ্গে লড়াই করেন। তাঁরা কেউ কাউকে চেনেন না, তাঁদের মধ্যে সরাসরি কোনও যোগাযোগও নেই। তবু এক অদৃশ্য আন্তরিক যোগসূত্র তাঁদের পরস্পরের সঙ্গে যুক্ত করে রাখে। আর সেই যোগসূত্রের কেন্দ্রে রয়েছে কলকাতা—যে শহর নীরবে নানা সম্পর্কের গল্পকে একই সুতোয় বেঁধে রাখে।
ছবিতে শান্তনুর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, অনিকেতের ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং সৃজনীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। অন্যদিকে, তৃষার ভূমিকায় অঙ্গনা রায়, অনামিকার চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং রাহুলের চরিত্রে অভিনয় করেছেন মনপ্রীত রোহতাশ নিব্বিওয়াল।
ছবিতে রয়েছে একাধিক গান, যা শোনা যাবে জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে। সংগীতের মধ্য দিয়েও ছবির আবেগ ও সম্পর্কের নানা রং ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।
ছবিটি প্রসঙ্গে পরিচালক প্রার্জুন মজুমদার বলেন, “এই ছবিতে কলকাতা শহরও একটি চরিত্র। এই শহরে কত সম্পর্কের গল্প বাসা বেঁধে থাকে, সেগুলো বড়পর্দায় তুলে ধরব। আবেগের কথাও ফুটে উঠবে এই ছবিতে। আমার ছবির প্রতিটি চরিত্র তার শহরের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলবে। ছবির টিজার দর্শকদের ভালো লেগেছে, প্রশংসাও পেয়েছে। আশা করছি, ছবিটি দর্শকদের মনে জায়গা করে নেবে।”
চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ‘এই শহরের গান’-এর। আকাঙ্ক্ষা রায় ও প্রার্জুন মজুমদারের প্রযোজনায় এবং ‘স্ট্যাগড ফিল্মস’-এর ব্যানারে নির্মিত এই ছবি কলকাতার বুকে গড়ে ওঠা বিচিত্র সম্পর্কের গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে।




