কলকাতা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: রহস্য, রোমাঞ্চ, হাস্যরস ও অতিপ্রাকৃত ঘটনার অভিনব মেলবন্ধনে নির্মিত আসন্ন বাংলা হরর-এন্টারটেইনার ‘ভূতু আয়া ভাগো!!’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার আজ কলকাতার রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। এমআরজে ফিল্মস ও চিনম্যান শোজ প্রোডাকশনের প্রযোজনায় এবং ড. মনোরঞ্জন জেনা ও সৌভিক দে-র পরিচালনায় নির্মিত এই ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা, কলাকুশলী, টেকনিশিয়ান এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই উপস্থিত দর্শক ও অতিথিদের মধ্যে ছবিটি নিয়ে উৎসাহ ও আগ্রহ তৈরি হয়। ট্রেলারে ভৌতিক আবহের পাশাপাশি একের পর এক অপ্রত্যাশিত মোড়, রহস্য এবং রোমাঞ্চের আভাস মিলেছে। একই সঙ্গে সমকালীন সামাজিক ভাবনাকেও বিনোদনের মোড়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ছবির কাহিনি আবর্তিত হয়েছে তিন বন্ধুকে ঘিরে। প্রথমে তারা মিথ্যা ভূতের ঘটনা সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি ক্রমশ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একসময় তাদের সামনে সত্যিকারের এক অতিপ্রাকৃত শক্তির আবির্ভাব ঘটে। এরপরই শুরু হয় ভয়, রহস্য, হাস্যরস ও রুদ্ধশ্বাস অভিযানে ভরা এক অপ্রত্যাশিত যাত্রা।
ছবিতে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, আরিয়ান ভৌমিক, দেবরাজ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র এবং মৌমিতা পণ্ডিত। কৌশিকী অমাবস্যার বিশেষ অনুষ্ঠানে ইতিমধ্যেই ছবির ‘জয় মা কালী’ গানটি প্রকাশিত হয়েছে এবং দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। সেই সাফল্যের পর ট্রেলার প্রকাশ ছবিটির প্রচারপর্বে নতুন মাত্রা যোগ করল।
রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে আয়োজিত এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের শেষে অতিথিদের জন্য নৈশভোজেরও আয়োজন করা হয়। নির্মাতাদের মতে, রহস্য, ভয়, হাস্যরস ও বিনোদনের সমন্বয়ে নির্মিত ‘ভূতু আয়া ভাগো!!’ দর্শকদের জন্য এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা নিয়ে আসবে।
সব মিলিয়ে ‘ভূতু আয়া ভাগো!!’-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং ছবিটির মুক্তিকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।









