রমেশ রায় | দক্ষিণ ২৪ পরগনা | রায়দিঘি
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বাজারে বুধবার পরিচালিত হল বিশেষ খাদ্য সুরক্ষা অভিযান। রায়দিঘি বাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের খাদ্য সুরক্ষা শাখার উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিডিও, ফুড সেফটি অফিসার এবং ডিইবি-এর আধিকারিকবৃন্দ।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল বাজারে বিক্রিত খাদ্যসামগ্রীর গুণমান ও নিরাপত্তা সম্পর্কে সরেজমিনে পর্যালোচনা করা। পরিদর্শনের সময় বিভিন্ন খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুত বা বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি নির্ধারিত খাদ্য সুরক্ষা লাইসেন্স রয়েছে কি না, খাদ্যসামগ্রী যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না এবং প্যাকেটজাত খাদ্যপণ্যে প্রয়োজনীয় লেবেল ও তথ্য সঠিকভাবে উল্লেখ রয়েছে কি না—সেসব বিষয়ও পরীক্ষা করা হয়।
অভিযান চলাকালীন সন্দেহজনক, লেবেলবিহীন এবং গুণমান নিয়ে সংশয় রয়েছে এমন খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করা হয়। কোথাও মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী পাওয়া গেলে তা নষ্ট করার ব্যবস্থাও গ্রহণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জন্য নিরাপদ, বিশুদ্ধ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করাই এই ধরনের অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। অনিরাপদ বা ভেজাল খাদ্য গ্রহণের ফলে বিভিন্ন রোগ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। সেই সম্ভাবনা প্রতিহত করার পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদের মধ্যে খাদ্য সুরক্ষা বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ ক্রেতাদেরও নিরাপদ খাদ্য গ্রহণের বিষয়ে সতর্ক করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
রায়দিঘি বাজারে প্রশাসনের এই বিশেষ খাদ্য সুরক্ষা অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলেও তৎপরতা লক্ষ্য করা যায়। ভবিষ্যতেও খাদ্যসামগ্রীর গুণমান ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

