১৮ সংখ্যার তাৎপর্যে ১৮ কুণ্ডে মহাযজ্ঞ, কানমারিতে বিশ্বশান্তির বার্তা

কানমারি, উত্তর ২৪ পরগনা: গীতার ১৮টি অধ্যায়, মহাভারতের ১৮টি পর্ব এবং ১৮ দিন ধরে চলা ধর্মযুদ্ধ—হিন্দু ধর্মীয় ঐতিহ্যে ১৮ সংখ্যার বিশেষ তাৎপর্য রয়েছে। সেই তাৎপর্যকে সামনে রেখে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ব্লকের কানমারী বাজারে আয়োজিত হল অভিনব বৈদিক বিশ্বশান্তি যজ্ঞ। শ্রী শ্রী মনসা পুজো মেলা উপলক্ষে আধ্যাত্মিক মহাজাগরণের লক্ষ্যে মন্মথপুর প্রণব মন্দিরের পরিকল্পনায় এবং কানমারী ভারত সেবাশ্রম সঙ্ঘের পরিচালনায় এই বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। ১৮টি কুণ্ডে ১৮ জন সন্ন্যাসীর মাধ্যমে সম্পন্ন হয় এই মহাযজ্ঞ। আয়োজকদের বক্তব্য, হিন্দু ধর্মীয় ঐতিহ্যে ১৮ সংখ্যার সঙ্গে জ্ঞান, ধর্ম, সত্য ও ধর্ম প্রতিষ্ঠার নানা তাৎপর্য জড়িয়ে রয়েছে। সেই ভাবনাকেই প্রতীকীভাবে তুলে ধরতে ১৮টি কুণ্ডে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের মতে, ১৮টি কুণ্ড কেবল আচারগত আয়োজন নয়, বরং বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবধারার মহাসমন্বয়ের প্রতীক। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণ এবং বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের সংকল্পিত ভাবধারাকে সামনে রেখেই কর্মসূচিটি আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা এবং সমাজে ঐক্য, সম্প্রীতি ও শান্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে তাঁদের বক্তব্য। অভিনব এই আয়োজনকে ঘিরে স্থানীয় ভক্ত ও সাধারণ মানুষের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *