প্রকাশ্যে ছবির প্রথম ঝলক, নব্বইয়ের দশকের কলকাতা ও সময়ের সঙ্গে প্রেম-সম্পর্কের বিবর্তন ঘিরে এগোবে কাহিনি
কলকাতা: বড়পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়কে। নতুন প্রেমের গল্প ‘রাজকন্যা’ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন এই দুই অভিনেতা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক, যা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় রয়েছে বিক্রম চট্টোপাধ্যায়ের সংস্থা ‘বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মস’ এবং অভিনব ঘোষের প্রযোজনা সংস্থা ‘ড্রিমস অন সেল’।
এর আগে ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বিক্রম ও শোলাঙ্কি। তাঁদের জুটির রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই পরিচিত রসায়নকে সঙ্গী করেই এবার আরও একবার প্রেমের গল্পে ফিরছেন তাঁরা।
ছবির কাহিনির কেন্দ্রে রয়েছে দিব্য ও সোমদত্তার চরিত্র। দিব্যর ভূমিকায় অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং সোমদত্তার চরিত্রে দেখা যাবে শোলাঙ্কি রায়কে। স্কুলজীবনে শুরু হওয়া একটি সম্পর্ক কীভাবে সময়ের সঙ্গে বদলে যায়, কলেজজীবনে সেই প্রেম কোন নতুন বাঁক নেয় এবং কর্মজীবনে প্রবেশের পর তিরিশের কোঠায় পৌঁছে সম্পর্কটি কীভাবে পরিণতি লাভ করে, সেই গল্পই তুলে ধরবে ‘রাজকন্যা’। তিনটি পৃথক সময়কালকে কেন্দ্র করে প্রেম, বন্ধুত্ব, আবেগ ও জীবনের নানা পরিবর্তনকে পর্দায় ফুটিয়ে তুলবেন নির্মাতারা।
ছবিটি সম্পর্কে বিক্রম চট্টোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরেই এই গল্পটি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল তাঁর। তবে তিনি চেয়েছিলেন, শোলাঙ্কিকে সঙ্গে নিয়েই ছবিটি তৈরি করতে। শোলাঙ্কির অন্যান্য কাজের ব্যস্ততার কারণে পরিকল্পনাটি বাস্তবায়িত হতে প্রায় সাড়ে তিন বছর সময় লেগেছে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। প্রেমের জুটি হিসেবে দর্শকদের কাছ থেকে বরাবরই ভালোবাসা পেয়েছেন তাঁরা। সেই ভালোবাসাকে পাথেয় করেই আবারও নতুন প্রেমের গল্প নিয়ে ফিরছেন বিক্রম।
ছবিতে বিক্রমকে দুটি ভিন্ন বয়সের পর্যায়ে দেখা যাবে। সময়ের সঙ্গে চরিত্রের বয়স ও মানসিকতার পরিবর্তন তাঁর অভিনয় এবং সাজসজ্জাতেও প্রতিফলিত হবে। নিজের ভালোবাসাকে পাওয়ার আকাঙ্ক্ষা, মনের অন্তর্দ্বন্দ্ব এবং সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে দিব্য চরিত্রটির বিভিন্ন দিক উন্মোচিত হবে।
অন্যদিকে, শোলাঙ্কি রায় জানান, নব্বইয়ের দশকের মিষ্টি প্রেমের ছবি দেখতে দেখতেই তাঁদের বড় হয়ে ওঠা। তাই এই ধরনের একটি গল্পের প্রস্তাব তাঁর বিশেষ ভালো লেগেছিল। পাশাপাশি পরিচালক, প্রযোজক এবং সহ-অভিনেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ছবির কাজের অভিজ্ঞতা আরও আনন্দদায়ক হবে বলেই তিনি আশাবাদী।
‘রাজকন্যা’ ছবিতে প্রেমের পাশাপাশি বন্ধুত্বও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্মেষ গঙ্গোপাধ্যায় ও দুর্বার শর্মা অভিনীত সোয়েব ও অনির্বাণ চরিত্র দুটি দিব্যর জীবনের দুই গুরুত্বপূর্ণ বন্ধুকে তুলে ধরবে। বিক্রমের কথায়, “আমাদের প্রত্যেকের জীবনেই এমন দু’জন বন্ধু থাকে, যাদের জন্য জীবনের ভালো-মন্দ অনেক কিছু ঘটে। দিব্যর জীবনেও সেই দুই বন্ধু হল সোয়েব ও অনির্বাণ। ওরা ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ।” এ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুতীর্থ সাহা, নয়নীকা সরকার, দেবপ্রসাদ হালদার, সুদীপ মুখার্জি-সহ আরও অনেকে।
ছবির পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, “রাজকন্যা আসলে আমাদের সবার বড় হয়ে ওঠার গল্প, একটি গোটা প্রজন্মের গল্প। আমাদের ফেলে আসা দিন, রাগ-ভালোবাসা, ঝগড়া, বন্ধুত্ব, বিচ্ছেদ এবং আমাদের জীবনের সেই বিশেষ মানুষটির গল্প, যাঁকে কখনওই ভোলা যায় না।”
নব্বইয়ের দশকের কলকাতা এবং সময়ের সঙ্গে শহরের পাশাপাশি মানুষের জীবনযাত্রায় ঘটে যাওয়া পরিবর্তনও ছবির কাহিনিতে বিশেষ গুরুত্ব পাবে। তাই ‘রাজকন্যা’ শুধুমাত্র একটি প্রেমের ছবি নয়, বরং একটি প্রজন্মের বেড়ে ওঠা, স্মৃতি, সম্পর্কের ওঠাপড়া এবং সময়ের সঙ্গে অনুভূতির পরিবর্তনের গল্প।
বিক্রম ও শোলাঙ্কির পরিচিত রসায়ন, নব্বইয়ের দশকের নস্টালজিয়া এবং প্রেম-বন্ধুত্বের আবেগঘন কাহিনির মেলবন্ধনে ‘রাজকন্যা’ দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশাবাদী নির্মাতারা। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।








