বইয়ের আলোয় ঐক্যের বার্তা দিল বোধিসত্ত্ব

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: বই, সাহিত্য ও মননচর্চার মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐক্যের বার্তা তুলে ধরতে কলকাতার বিড়লা তারামণ্ডলে অনুষ্ঠিত হয়ে গেল ‘বোধিসত্ত্ব বাতায়ন’-এর সম্মাননা প্রদান ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সাহিত্য, শিক্ষা, সমাজচিন্তা, বিজ্ঞান, ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার এবং অর্থনীতিবিদ রতন খাসনবিশকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্ময় ভট্টাচার্য, ড. নিলয় কুমার সাহা, অমলেন্দু দেবনাথ, সুজাত ভদ্র এবং ডা. পুণ্যব্রত গুণ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. কল্যাণ সরকার, নৌশাদ মল্লিক, আবীর মজুমদার, রণদেব দাশগুপ্ত, ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং শ্যামশ্রী রায় কর্মকার-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একাধিক গ্রন্থের প্রকাশ। সঞ্জয় মুখোপাধ্যায়ের একক রচনা ও সম্পাদনায় প্রকাশিত হয় ত্রৈমাসিক পত্রিকা ‘সঞ্জয় উচ্চাট—সময়ের স্বর’। পাশাপাশি তাঁর রচিত বিজ্ঞান ও বেদান্তের আলোয় চেতনা, চৈতন্য আখ্যান, উত্তম অন্বেষণ, ‘বন্দেমাতরম’ এবং ‘একটা নতুন জীবন খুঁজছি’-সহ একাধিক গ্রন্থ প্রকাশিত হয়। পত্রিকাটি- তে বাংলা ও বাঙালি জাতিসমাজের সংস্কৃতি, লালনের গান ও দর্শন, রবীন্দ্রনাথ ও হিন্দু-মুসলমান সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। অনুষ্ঠানে সাহিত্য ও সমাজজীবনের নানা বিষয়ও বিশেষভাবে উঠে আসে। শিক্ষা, আত্ম পরিচয়, ইতিহাস, সাম্প্রদায়িক সম্প্রীতি, প্রতিবাদ, মানবিকতা এবং সমকালীন সমাজের বিভিন্ন সংকট নিয়ে প্রকাশিত গ্রন্থগুলির বিষয়বস্তু উপস্থিত দর্শক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।আয়োজকদের বক্তব্যে উঠে আসে, বর্তমান সময়ে বই ও মননচর্চার উপর নানা ধরনের আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। উন্নততর সমাজ গড়ে তোলার পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির স্বকীয়তা রক্ষা করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বোধিসত্ত্ব বাতায়নের এই আয়োজন সাহিত্যচর্চা, গ্রন্থ প্রকাশ এবং বিশিষ্টজনদের সম্মাননার মধ্য দিয়ে বাংলার সাংস্কৃতিক ও মননশীল পরিসরে এক গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *