মোল্লা জসিমউদ্দিন, Hello Kolkata
বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও দীর্ঘদিন কোনও সুরাহা না মেলায় সাধারণ মানুষের একাংশকে থানা থেকে আদালত পর্যন্ত ছুটতে হয়। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, হয়রানি এবং আইনজীবীর পিছনে বিপুল অর্থব্যয়ের কারণে অনেক অভিযোগকারী কার্যত অসহায় হয়ে পড়েন। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট সংলগ্ন লোকায়ুক্ত দপ্তরের সক্রিয় ভূমিকা অভিযোগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।
বর্তমানে রাজ্যের লোকায়ুক্ত পদে রয়েছেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। বিচারবিভাগে দীর্ঘ কর্মজীবনে তিনি নিম্ন আদালতের জেলা বিচারক থেকে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং পরবর্তীতে বিচারপতির দায়িত্ব সামলেছেন। অবসরের পর তিনি ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইব্যুনালের চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব পালন করেন এবং একাধিক বিবাদমান মামলার নিষ্পত্তি করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৮ সাল থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যের লোকায়ুক্ত দপ্তরে মোট ১৩২টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় ছিল। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত লোকায়ুক্ত হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার মধ্যে ৮৪টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ নিষ্পত্তির হার ৬০ শতাংশেরও বেশি।
চলতি বছরের ৯ জানুয়ারি লোকায়ুক্ত হিসেবে শপথ নেওয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যেই অভিযোগগুলির বিষয়ে দ্রুত পদক্ষেপ শুরু হয়েছে। অভিযোগের গুরুত্ব অনুযায়ী পুলিশ কমিশনার, আইজি, ডিআইজি, পুলিশ সুপার, জেলাশাসক-সহ বিভিন্ন পদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকের কাছ থেকে দ্রুত রিপোর্ট তলব করা হচ্ছে।
লোকায়ুক্ত দপ্তরের এই তৎপরতার ফলে অভিযোগের বিষয়ে প্রশাসনিক স্তরে দ্রুত নড়াচড়া শুরু হচ্ছে বলে অভিযোগকারীদের একাংশের দাবি। অনেক ক্ষেত্রে লোকায়ুক্তের দপ্তর থেকে রিপোর্ট তলব হওয়ার পরই সংশ্লিষ্ট পুলিশ বা প্রশাসনিক আধিকারিকরা অভিযোগকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ করছেন বলেও জানা যাচ্ছে।
অতীতে লোকায়ুক্তের কাছে অভিযোগ জানিয়েও কার্যকর ফল পাওয়া যেত না—এমন অভিযোগও রয়েছে। সেই প্রেক্ষাপটে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নেতৃত্বে লোকায়ুক্ত দপ্তরের দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে জবাবদিহি চাওয়ার প্রবণতা সাধারণ অভিযোগকারীদের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

