সাজের নেপথ্যে দক্ষতার পাঠ, সৌন্দর্যচর্চায় নতুন ভাবনার বার্তা

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: সাজ মানেই শুধু সৌন্দর্য নয়, এর নেপথ্যে থাকে শিল্প, সৃজনশীলতা, দক্ষতা এবং নিরন্তর শেখার গল্প। সেই ভাবনাকেই সামনে রেখে প্রসাধনী শিল্পীদের দক্ষতা আরও নিখুঁত ও পেশাদার করে তুলতে বিশেষ উদ্যোগ নিল ‘সংযুক্তা মেকওভার অ্যান্ড একাডেমি’। আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা ও সাজের ওপর পরীক্ষা-নিরীক্ষার পর্ব। যেখানে নতুন কৌশল প্রয়োগের পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা ভাগ করে নেন প্রসাধনী শিল্পীরা। অনুষ্ঠানে মডেল হিসেবে অংশগ্রহণ করেন সৌমিলি বিশ্বাস, দীপান্বিতা মন্ডল, সংযুক্তা রাই, ঈশিতা পারভিন, অমৃতা দাস, মিষ্টি সামন্ত, রিয়া সেন, মিষ্টি পোদ্দার, তনয়া দে ও প্রিয়াঙ্কা ব্যানার্জি। তাঁদের ওপর বিভিন্ন ধরনের সাজের প্রয়োগের মাধ্যমে মেকআপের নান্দনিকতা, ব্যক্তিত্ব অনুযায়ী সাজ নির্বাচন এবং নতুনত্বের নানা দিক তুলে ধরা হয়। এই উদ্যোগে প্রসাধনী শিল্পী হিসেবে অংশ নেন অনিতু রায়, মাম্পি মুখার্জি, প্রিয়া দাস, নাজিমা বিবি, রিঙ্কি মন্ডল, সুমনা দাস, দিশা ঘোষ, রিয়া পারভীন, সুহানা পারভিন ও বৈশাখী পাল। সাজের বিভিন্ন কৌশল নিয়ে পরীক্ষা -নিরীক্ষার পাশাপাশি শিল্পীদের মধ্যে চলে মতবিনিময় ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর্ব। অনুষ্ঠানের চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন অঙ্কন ব্যানার্জী এবং পোশাক পরিবেশনে ছিলেন মহানন্দ মাঝি। আয়োজনের মূল উদ্যোক্তা তথা ‘সংযুক্তা মেকওভার অ্যান্ড একাডেমি’-র কর্ণধার সংযুক্তা দাস বলেন , “প্রসাধনী শিল্পীদের কাজ শুধু মেকআপ করে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি মুখ, প্রতিটি ব্যক্তিত্ব এবং প্রতিটি অনুষ্ঠানের সঙ্গে মানানসই সাজ তৈরি করাটাও একটি শিল্প। সেই শিল্পকে আরও নিখুঁত করতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, আলোচনা এবং নতুন কিছু শেখার প্রয়োজন রয়েছে। সেই সুযোগ তৈরি করতেই এই আয়োজন।” তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য প্রতিযোগিতার মানসিকতা তৈরি করা নয়, বরং একে অপরের কাছ থেকে শেখা এবং নিজেদের দক্ষতাকে আরও উন্নত করা। সৌন্দর্যচর্চার জগতে প্রতিনিয়ত নতুন ট্রেন্ড ও কৌশল আসছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিল্পীদের আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আগামী দিনেও এই ধরনের আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।” আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ শুধু প্রসাধনী শিল্পীদের দক্ষতা বাড়ায় না, তাঁদের মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও পেশাগত মানসিকতাও গড়ে তোলে। সাজের আড়ালে থাকা সেই শিল্প ও দক্ষতাকেই সামনে এনে নতুন প্রজন্মের প্রসাধনী শিল্পীদের আরও একধাপ এগিয়ে দেওয়ার বার্তা দিল এই আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *