কলকাতা, ১০ নভেম্বর: বাঁকুড়ার লালপুরে এক অভিনব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বৈদিক জাগৃতি সঙ্গম এবং আদ্যা ত্রিশক্তি কালী কমলা বগলা পীঠ। আগামী ৯ ডিসেম্বর ২০২৬, বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে লালপুরে অবস্থিত আদ্যা ত্রিশক্তি কালী কমলা বগলা পীঠের পবিত্র প্রাঙ্গণে এক লক্ষেরও বেশি ভক্ত সমবেতভাবে হনুমান চালিসার ভক্তিমূলক শ্লোক পাঠ করবেন। এই বৃহৎ ধর্মীয় সমাবেশকে সামনে রেখে ১০ নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে একটি ঘোষণামূলক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে বৈদিক জাগৃতি সঙ্গমের সম্পাদক তথা অনুষ্ঠানের পরিচালক ডঃ তাপস দে জানান, নির্ধারিত দিনে দুপুর ১টা থেকে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানটি আনন্দময়ী গ্রুপের সহযোগিতায় আয়োজিত হচ্ছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদেরও এই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান সংগঠক তথা আদ্যা ত্রিশক্তি কালী কমলা বগলা পীঠের পীঠাধীশ আচার্য দেবাংশী ডঃ হৃদয় হালদার এই উদ্যোগের কথা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন।
এই ঘোষণামূলক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীমৎ জগৎগুরু অবধুতাচার্য গিরি মহারাজ, সংস্কৃত পণ্ডিত ও অধ্যাপক শ্রী অনুভব হাজরা, সিআইডির ভবানী ভবন শাখার পরিদর্শক শ্রী শিবেন্দু ঘোষ, স্বামী অভয়ানন্দ গিরি মহারাজ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এক লক্ষেরও বেশি ভক্তের সম্মিলিত কণ্ঠে হনুমান চালিসা পাঠের এই উদ্যোগ ধর্মীয় ভক্তি, আধ্যাত্মিক চেতনা এবং সামাজিক সম্প্রীতির এক বৃহৎ সমাবেশ হিসেবে বিশেষ তাৎপর্য বহন করতে চলেছে।





