কলকাতা, ১৪ অক্টোবর, ২০২৬: নন্দী মুভিজের প্রযোজনায় এবং প্রদীপ কুমার নন্দীর নিবেদনায় নির্মিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-এর জমকালো প্রিমিয়ার অনুষ্ঠিত হল কলকাতার সাউথ সিটি মলের আইনক্স প্রেক্ষাগৃহে। বুধবার সন্ধ্যা ছ’টা থেকে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী, আমন্ত্রিত বিশিষ্ট অতিথি এবং সংবাদমাধ্যমের কর্মীবৃন্দ। তাঁদের উপস্থিতিতে প্রিমিয়ার অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
বিশিষ্ট কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’ থেকে অনুপ্রাণিত এই চলচ্চিত্রটি বাংলা সাহিত্যের এই অমর সৃষ্টির শতবর্ষপূর্তিতে এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য। সাহিত্য, বিপ্লবী চেতনা ও ঐতিহাসিক প্রেক্ষাপটের মেলবন্ধনে নির্মিত ছবিটি দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে এক তাৎপর্যপূর্ণ কাহিনি।
ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কৌশানি মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক-সহ একাধিক পরিচিত শিল্পী। ছবির গান ‘দিল কে দাগ’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায় এবং গীতিকার শ্রীজাত।
নন্দী মুভিজের এই ছবিটি আগামী ১৫ অক্টোবর, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রিমিয়ারকে ঘিরে চলচ্চিত্রপ্রেমী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ছবিটির মুক্তিকে কেন্দ্র করে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সাহিত্যকর্মকে বড় পর্দায় নতুন আঙ্গিকে উপস্থাপনের এই প্রয়াস বাংলা চলচ্চিত্রে কতটা সাড়া ফেলে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন দর্শক ও চলচ্চিত্র মহল।
ছবি সৌজন্য: চিত্ততোষ রায়







