কলকাতা: জুবিন গর্গের মায়াবী কণ্ঠ আবারও ফিরছে বাংলা সিনেমায়। শ্রী প্রীতম পরিচালিত ছবি ‘Love You Zubeen Da’-তে শোনা যাবে অসমের ঈশ্বরপুত্র জুবিন গর্গের কণ্ঠে গাওয়া দুটি অপ্রকাশিত গান। জুবিন দার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর সঙ্গীতের প্রতি গভীর আবেগ থেকেই তৈরি হচ্ছে এই বিশেষ ছবি।
জুবিন গর্গের মতো শিল্পীর সৃষ্টির কোনও শেষ নেই। তাঁর কণ্ঠে গাওয়া এখনও বহু গান মানুষের কাছে পৌঁছয়নি। সেই অপ্রকাশিত সৃষ্টির মধ্য থেকেই দুটি গান এবার জায়গা করে নিয়েছে ‘Love You Zubeen Da’-তে। ফলে ছবির সঙ্গে জুড়ে যাচ্ছে জুবিন দার সঙ্গীতের এক নতুন, আবেগঘন অধ্যায়।
পরিচালক শ্রী প্রীতম বলেন,
“জুবিন গর্গের মতো শিল্পীর ক্ষেত্রে ‘শেষ গান’ বলে কিছু হয় না। কারণ তিনি চিরন্তন। এখনও জুবিন দা-র বহু গান রয়েছে, যেগুলি মানুষের কাছে পৌঁছয়নি। তেমনই দুটো অপ্রকাশিত গান রয়েছে আমার ছবি ‘Love You Zubeen Da’-তে। এই ছবিটি তৈরি করার সময় গরিমা দি-র কাছ থেকে আমি যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
‘Love You Zubeen Da’-র মাধ্যমে তাই জুবিন গর্গের সুর আরও একবার পৌঁছে যাবে বাংলা সিনেমার দর্শক-শ্রোতার কাছে। তাঁর কণ্ঠে গাওয়া অপ্রকাশিত দুটি গান এই ছবির আবেগকে আরও গভীর করে তুলবে। অসমের ঈশ্বরপুত্রের সুর আবারও ফিরছে বাংলায়—আরও একবার, আরও এক নতুন অনুভূতি নিয়ে।

